তালতলী থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, আত্মহত্যার সন্দেহ
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

তালতলী থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, আত্মহত্যার সন্দেহ
বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ফারুক গাজী (৫৫) ব্যারাকে বিষাক্ত পদার্থ সেবনের পর মারা গেছেন। রোববার (১৪ জুন) সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতের দায়িত্ব শেষ করে ভোরের দিকে থানার ব্যারাকে ফিরে বিশ্রাম নেন ফারুক গাজী। পরে সকালবেলায় তিনি অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা বিষয়টি টের পান। ধারণা করা হচ্ছে, তিনি কোনো এক সময় গ্যাস ট্যাবলেট বা কীটনাশক জাতীয় পদার্থ সেবন করেছিলেন।
অসুস্থ অবস্থায় তাকে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চলছে।
তিনি জানান, মৃত্যুর আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়বস্তু এখনই প্রকাশ করা হচ্ছে না।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
