যশোরে অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
যশোরে অস্ত্র মামলায় জেলার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’ (৪৭) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৩০ মে ২০২৬) বিকেল ৩টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার মিশনপাড়া এলাকার বিটিএস শখের কুঠির ভবনের নিচতলায় ভাড়া নেওয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা আব্দুল আজিজ এবং মরিয়ম বেগমের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, একটি অস্ত্র মামলার তদন্তভার গ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সালাউদ্দিন খান। তদন্তের এক পর্যায়ে মামলার আসামি খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌসকে গ্রেপ্তার করে গত ৮ এপ্রিল ২০২৬ আদালতে সোপর্দ করা হয়। পরে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
জবানবন্দিতে তারা উল্লেখ করেন, কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল ওই মামলায় জব্দকৃত একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড তাজা গুলি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
এ তথ্যের ভিত্তিতে এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে এসআই বাবলা দাসসহ ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে গত ৩০ মে ২০২৬ বিকেল ৩টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানার মিশনপাড়া এলাকার বিটিএস শখের কুঠির ভবনের নিচতলায় ভাড়া নেওয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, খোঁড়া কামরুল অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী হিসেবে কাজ করতেন।
এছাড়া তিনি যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, খোঁড়া কামরুলের বিরুদ্ধে এর আগে একটি হত্যা মামলা, ছয়টি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা, চাঁদাবাজিসহ অন্যান্য সাতটি মামলা, একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং একটি মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
