ডাকাতিয়া নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

ডাকাতিয়া নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার
কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের মরদেহ প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া সেতু সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ শিহাব (১৮) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের রোকন আহমেদ শিফনের ছেলে। তিনি চট্টগ্রাম নৌবাহিনী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিহাব দুই বন্ধুর সঙ্গে পাশের গ্রামে তালের আঁটি সংগ্রহ করতে যান। পরে জুমার নামাজে অংশ নিতে দ্রুত বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা ডাকাতিয়া নদী সাঁতরে পার হওয়ার সিদ্ধান্ত নেন। নদী পার হওয়ার সময় দুই বন্ধু নিরাপদে তীরে পৌঁছালেও শিহাব মাঝনদীতে পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে বিকেল পর্যন্ত তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি। রাত হয়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
শনিবার সকালে পুনরায় অভিযান শুরু করলে নদীর কচুরিপানার নিচ থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
