ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে, ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় গড়াই নদীতে শিশুকে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ ৪ মাসের শিশু

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

৩০ মে, ২০২৬
কুষ্টিয়ায় গড়াই নদীতে শিশুকে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ ৪ মাসের শিশু

কুষ্টিয়ায় গড়াই নদীতে শিশুকে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ ৪ মাসের শিশু

কুষ্টিয়া শহর-সংলগ্ন গড়াই নদীতে চার মাস বয়সী শিশুসন্তানকে পানিতে ফেলে দিয়ে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় স্থানীয় জেলেরা ওই নারীকে জীবিত উদ্ধার করলেও শিশুটি এখনও নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার আবদুল আলিমের স্ত্রী যমুনা (২২) প্রায় দুই বছর আগে বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে দুই দিন আগে তিনি চার মাস বয়সী ছেলে হাদিকে নিয়ে কুমারখালীর সুলতানপুর বেলতলায় বাবার বাড়িতে যান।

অভিযোগ রয়েছে, শুক্রবার বিকেলে হরিপুর সংযোগ সেতুর ওপর থেকে তিনি প্রথমে শিশুটিকে নদীতে ফেলে দেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দেন। ঘটনাস্থলের কাছে মাছ ধরছিলেন এমন কয়েকজন জেলে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে যমুনাকে জীবিত উদ্ধার করেন। তবে শিশুটি পানিতে তলিয়ে যাওয়ায় তাকে খুঁজে পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। শিশুটিকে উদ্ধারে স্থানীয় ডুবুরিদের পাশাপাশি বিশেষজ্ঞ ডুবুরি দলকেও সহায়তার জন্য ডাকা হয়েছে।

শিশুটির বাবা আবদুল আলিম বলেন, তাদের সন্তান কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা চলছিল। ঘটনার আগে তিনি স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরে আসতে বলেছিলেন। পরে লোকজনের মাধ্যমে এ ঘটনার কথা জানতে পারেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার তদন্তের স্বার্থে যমুনাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এখনো ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে নিখোঁজ শিশুকে উদ্ধারে গড়াই নদীতে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন