ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে চোরাচালান পণ্যের চালান জব্দ, গ্রেফতার ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৯ মে, ২০২৬
বেনাপোল সীমান্তে চোরাচালান পণ্যের চালান জব্দ, গ্রেফতার ১

বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাওন আহম্মেদ শান্ত নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাওন আহম্মেদ শান্ত নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটক শাওন আহম্মেদ শান্ত যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

অভিযানে ভারতীয় ৮৫টি শাড়ি, ১৪৮ বোতল হারসিস চকলেট সিরাপ, ১ হাজার ৭৪২টি বিভিন্ন ধরনের চকলেট, ৯৩ কেজি ফুসকা, ১২২টি খাদ্যসামগ্রী ও ১ হাজার ৫৬১টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৩৯০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

শেয়ার করুন