কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন রোববার রাতে এবং অপরজন সোমবার রাতে মারা যান।
নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেলে এক ব্যবসায়ী কয়েকটি মহিষ বিক্রির জন্য সানন্দবাড়ী হাটে নিয়ে আসেন। হাটে আনার পর একটি মহিষ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চারদিকে ছোটাছুটি শুরু করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে হাটে থাকা লোকজন দৌড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে মহিষটির গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত মজিবুর রহমানকে পরে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
