ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২২ মে, ২০২৬
সারাদেশ

পুলিশের ধাওয়ায় পালানো মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

২২ মে, ২০২৬
পুলিশের ধাওয়ায় পালানো মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত

সিলেটে পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়া এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সদস্য ইমন আচার্য।

সিলেটে পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়া এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সদস্য ইমন আচার্য। শুক্রবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন আচার্য র‍্যাব-৯ এ কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ঘটনার সঙ্গে জড়িত আসাদুল আলম বাপ্পী নামের এক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছিলেন। স্থানীয়দের কাছে তারা ছিনতাইকারী হিসেবেও পরিচিত। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালালে সন্দেহভাজনরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় আসাদুল আলম বাপ্পী তোপখানা এলাকার দিকে পালিয়ে যান। ওই এলাকায় বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন র‍্যাব সদস্য ইমন আচার্য। তিনি পালিয়ে যাওয়া বাপ্পীকে আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে আসাদুল তাঁর বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত ইমন আচার্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে হামলার পর অভিযুক্ত আসাদুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দেন। একপর্যায়ে তিনি তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে এক শিশুর গলায় চাকু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করেন। পরে পুলিশ কৌশলে অভিযান চালিয়ে তাঁকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন