ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে উলাশী ‘জিয়ার খাল’ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১১ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে উলাশী ‘জিয়ার খাল’ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে যশোরের শার্শার উলাশী ‘জিয়ার খাল’ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাশীর ‘জিয়ার খাল’ খনন কর্মসূচিতে সেদিন যারা অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই আজও বেঁচে আছেন। আগামী ২৭ এপ্রিল তাঁরা তাঁরই উত্তরসূরি তারেক রহমানের সঙ্গে পুনঃখনন কর্মসূচিতে অংশ নেবেন।”

শনিবার (১১ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে খাল পুনঃখনন কাজ ও উদ্বোধন স্থল পরিদর্শনে এসে স্থানীয় জনতা ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

পরিদর্শনকালে তিনি খনন কাজের অগ্রগতি, গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন। পাশাপাশি খনন কাজের মান বজায় রাখা, দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রকল্পটির কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে এবং কৃষকসহ সাধারণ মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ঐতিহাসিক ‘জিয়ার খাল’ পুনঃখনন কর্মসূচিকে ঘিরে এলাকায় নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী ২৭ এপ্রিল বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি।

জানা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় ভরাট হয়ে যাওয়া উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননে নতুন গতি এসেছে। প্রতিমন্ত্রী সরেজমিনে কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্টদের সময়মতো কাজ শেষ করার নির্দেশ দেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আশেক হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এ্যাড, সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, নাভারণ সার্কেলের সকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ স্থানীয় বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তথ্যানুসন্ধানে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে উলাশী-যদুনাথপুর খাল খননের সূচনা করেন। স্বেচ্ছাশ্রমভিত্তিক এ উদ্যোগে হাজারো মানুষ অংশ নেন। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি মাত্র ছয় মাসে সম্পন্ন হয়ে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উদ্বোধন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর ফলে উত্তর শার্শার পাঁচটি বড় বিলের পানি নিষ্কাশন সহজ হয় এবং প্রায় ২২ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসে।

তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খালটি আবারও ভরাট হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে পানিশূন্যতা এবং বর্ষায় জলাবদ্ধতার সমস্যায় ভুগছিল এলাকাবাসী। তাই খালটি পুনঃখননের দাবি ছিল দীর্ঘদিনের।

স্থানীয়দের আশা, পুনঃখনন কাজ শেষ হলে কৃষি, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে এলাকায় নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে উলাশী ‘জিয়ার খাল’ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত | সীমান্তের খবর