যশোরে দুইটি স্বর্ণের বারসহ শার্শার আলামিন আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরে অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের দুইটি স্বর্ণের বারসহ আলামিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) ভোর ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি'র একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, এ সময় ২৪০ দশমিক ৬০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকা সহ আলামিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক আলামিন যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
বিজিবি জানায়, তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
জব্দকৃত স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
