ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
সারাদেশ

বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, আহত ১

প্রতিনিধি

শেখ কাজিম উদ্দিন

৭ এপ্রিল, ২০২৬
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, আহত ১

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন।

যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন্দর এলাকার ৩৮ নম্বর শেডে ক্রেনের মাধ্যমে ভারী অ্যাঙ্গেল শিট (লোহা) নামানোর সময় হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে পণ্য নিচে পড়ে যায়। এ সময় নিচে অবস্থানরত শ্রমিক শাহজাহান (৪৫) ও সোহেল (৩০) পণ্যের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাদের মাথা ও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নাভারণ এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যান। আহত সোহেল বর্তমানে নাভারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী গ্রামের আফতাব আলীর ছেলে এবং আহত সোহেল একই থানার সাদীপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দু’জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১)-এর সদস্য।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাভারণ) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহীম জানান, আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর শাহজাহানকে মৃত ঘোষণা করা হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক নিহত এবং আরেকজন আহত হন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

শেয়ার করুন

বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় এক শ্রমিক নিহত, আহত ১ | সীমান্তের খবর