বেনাপোল সীমান্তে ৩ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে ৩ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ৩ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) সীমান্তে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ২১টি শাড়ি, ১৫টি কম্বল, ৩ কেজি কিসমিস, ১১৫টি চকলেট, ৩০ প্যাকেট খৈনি, ৬ প্যাকেট পাতার বিড়ি ও ২৭৭টি কসমেটিক্স সামগ্রী।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
