ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা, বৈদেশিক আয় দেশে আনা আরও সহজ
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা, বৈদেশিক আয় দেশে আনা আরও সহজ
দেশের ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বৈধ উপায়ে আয় দেশে আনার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, ইন্টারনেটভিত্তিক সেবা রপ্তানির ক্ষেত্রে আর প্রচলিত ইএক্সপি (EXP) ফরম পূরণ করতে হবে না। প্রয়োজনীয় ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতেই বৈদেশিক আয় গ্রহণ ও হিসাবায়ন করা যাবে।
এ ছাড়া সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক আয় দেশে আনতে ফরম-সি জমা দেওয়ার প্রয়োজন হবে না। এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট ফ্রিল্যান্সারের ব্যাংক হিসাবে জমা হবে।
নির্দেশনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার (OPGSP)-এর মাধ্যমে অর্থ দেশে আনার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আইসিটি খাতের বৈদেশিক আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানির আয়ের সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত অর্থ ইআরকিউ (ERQ) অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে। পাশাপাশি ইআরকিউ অ্যাকাউন্টের আওতায় ইস্যুকৃত ডুয়াল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ডে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও ব্যবহারের সুযোগও থাকবে।
এ ছাড়া বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (PSP) সহযোগিতায় স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (PSP) মাধ্যমে আইসিটি খাতের বৈদেশিক আয় দেশে আনার ব্যবস্থাও সহজ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এসব উদ্যোগের ফলে বৈধ পথে বৈদেশিক আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়বে। একই সঙ্গে দেশের ফ্রিল্যান্সারদের আর্থিক লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে।
