ডিম খাইবেন ডিম! বেনাপোলের সেই সিদ্ধ ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার
প্রতিনিধি
কামাল হোসেন:

ডিম খাইবেন ডিম! বেনাপোলের সেই সিদ্ধ ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে মোজাফফর রহমান (৪৫) নামে এক সিদ্ধডিম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে সাদীপুর গ্রামের ইকরামুল মাস্টারের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোজাফফর রহমান নারায়ণগঞ্জ জেলার ঘোরমোড়া গ্রামের মৃত শাহানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মোজাফফর রহমান দীর্ঘদিন ধরে বেনাপোল ও নাভারন এলাকায় সিদ্ধ ডিমের ব্যবসা করতেন। তিনি গলায় ঝুড়ি ঝুলিয়ে তাতে সিদ্ধ ডিমের পসরা সাজিয়ে ফেরী করে সিদ্ধ ডিম বিক্রি করতেন। মামা ডিম লাগবে ডিম! সিদ্ধ ডিম! স্যার সিদ্ধ ডিম খান। মামা-খাইবেন সিদ্ধ ডিম! বস্ ডিম খাবেন! অনেক বুলি ছিল তার।
জানা যায়, কয়েকদিন আগে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ ছিলেন। বুধবার সন্ধ্যায় ঘরের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
