ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে, ২০২৬
সারাদেশ

বগুড়ায় সিঁধ কেটে ডাকাতির পর জনতার হাতে ধরা, গণপিটুনিতে মৃত্যু

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

৮ মে, ২০২৬
বগুড়ায় সিঁধ কেটে ডাকাতির পর জনতার হাতে ধরা, গণপিটুনিতে মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে ডাকাতির পর পালানোর সময় গণপিটুনিতে সেলিম ফকির (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বগুড়ার শিবগঞ্জে ডাকাতির পর পালানোর সময় গণপিটুনিতে সেলিম ফকির (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম ফকির কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে আরও দুই সহযোগীকে নিয়ে সেলিম ফকির সিঁধ কেটে গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করেন। পরে তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতির পর পালানোর সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত দলের সদস্যদের ধাওয়া করে। এ সময় সেলিমকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্য পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে ও তার শিশুসন্তানকে চাকুর মুখে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তার পরনে থাকা গয়নাও নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহত সেলিম পুলিশের তালিকাভুক্ত অপরাধী ছিলেন। তার বিরুদ্ধে শিবগঞ্জ, কাহালু ও দুপচাঁচিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন