ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে, ২০২৬
সারাদেশ

যশোরে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক, সিজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৭ মে, ২০২৬
যশোরে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক, সিজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা

যশোরে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক, সিজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন, রনি (৩৬) যশোর জেলার শার্শা থানার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে, আব্দুল গনি (৫৪) যশোর জেলার চৌগাছা থানার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে এবং ইসরাইল (৪৬) যশোর জেলার কোতোয়ালী থানার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির হেডরেস্টের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-গ-২২-৭৯৩০ নম্বরের একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা, জব্দকৃত প্রাইভেটকারের মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা। নগদ টাকাসহ মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন