ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে, ২০২৬
সারাদেশ

শার্শায় দুধর্ষ ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত রবি আটক, লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার

প্রতিনিধি

কামাল হোসেন:

৭ মে, ২০২৬
শার্শায় দুধর্ষ ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত রবি আটক, লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার

শার্শায় দুধর্ষ ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত রবি আটক, লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার

যশোরের শার্শায় সংঘটিত দুধর্ষ ডাকাতির ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ মে) সকালে বেনাপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। আটক রবিউল ইসলাম রবি যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে ইয়াকুব আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ডাকাত বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা দুটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

লুট হওয়া মোটরসাইকেল দুটি হলো, একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল (রেজি. নং যশোর-ল-১৬-৩৮৭৯) এবং একটি হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল (রেজি. নং যশোর-হ-১৮-১১৮৪)।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, এ ডাকাতির নেতৃত্ব দেন রবিউল ইসলাম রবি। তার বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে যশোর “ক” নাভারণ সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আরিফ হোসেন জানান, খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে রবিকে আটক করে। একই সঙ্গে লুট হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন