শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা কামাল হোসেন (৪৫) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনায় বাবা ও দুই শিশুসন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে চটকাপোতা গ্রামের দক্ষিণপাড়ায় মৃত আজগার আলী ওরফে নেদনের ছেলে কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, সাবির (৪) ও জাবির (২)।
স্থানীয়রা জানান, বাড়িতে দুই শিশুর মরদেহ এবং কিছুক্ষণ পর তাদের বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানিয়েছেন, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাদের ঘরে মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার আগেই বিচ্ছেদ হয়। সর্বশেষ তৃতীয় স্ত্রীও পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইল জেলায় তার বাবার বাড়িতে চলে যান।
এরপর তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশুকে বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়। পরে কামাল হোসেনও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে। পরে তারও মৃত্যু হয়। কামাল হোসেন একজন ভ্যানচালক ছিলেন বলে জানা যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক বিরোধ, দাম্পত্য কলহ কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
