ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৯ আগস্ট, ২০২৬
শার্শা সীমান্তে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

শার্শা সীমান্তে ২০ কেজি গাঁজাসহ সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ি, দুটি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, তিন প্যাকেট সনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।

বিশেষ করে সীমান্ত দিয়ে পাচারের সময় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে কি না, বিজিবির বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন