ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই, ২০২৬
সারাদেশ

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণীর মৃত্যু, আহত ২

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

২৫ জুলাই, ২০২৬
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণীর মৃত্যু, আহত ২

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণীর মৃত্যু, আহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামে এক টিকটকার তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরিন জাহান মেধা বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা মিল্টন হোসেনের মেয়ে।

আহতরা হলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার মেহেদী হাসান (২১) ও পলক (২০)। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আফরিনের সঙ্গে দুই যুবকের যোগাযোগ গড়ে ওঠে। পরে মেসেঞ্জারে কথা বলে তারা একসঙ্গে দেখা করেন। শুক্রবার রাতে তিনজন একটি মোটরসাইকেলে গুরুদাসপুর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনায় আফরিন জাহান মেধা ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা এলে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্তের চেষ্টা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন