শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত কিশোর আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত কিশোর আটক
যশোরের শার্শায় ৬ বছরের এক শিশু কণ্যা ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ১৪ বছরের কিশোর আটক হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে উপজেলার সিকারপুর-ফুলসর গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃত কিশোর শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর (ফুলসর) গ্রামের আব্দুর রহমানের ছেলে নাইম হোসাইন (১৪)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলসর গ্রামে নিজ বাড়ি সংলগ্ন ওই শিশুটির বাবার একটি মুদি দোকান রয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে শিশু কন্যাকে দোকানে বসিয়ে রেখে নাস্তা করার জন্য বাড়ির ভিতরে যায় তার বাবা। এসময় নাইম হোসাইন উক্ত দোকানে এসে শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। রাতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বাবা-মায়ের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। পরেরদিন সকালে দোকানে থাকা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে স্থানীয়রা নাইমকে শনাক্ত করে। এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসাইনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে দেয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, খবর পাওয়ার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। একইসাথে কিশোর নাইমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুটি ভয়ে অসুস্থ হওয়ায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নাম্বার ৩১, তারিখ ২৩ জুলাই ২০২৬।
