শার্শায় অনলাইন জুয়ার আসর থেকে নারী আটক, জব্দ দুই স্মার্টফোন
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শা উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রুনা পারভীন (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি)।
যশোরের শার্শা উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রুনা পারভীন (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তার কাছ থেকে অনলাইন বেটিং কার্যক্রমে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া এলাকায় একটি বাড়িতে ইলেকট্রনিক ডিভাইস ও বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কয়েকজন পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়।
আটক রুনা পারভীন সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।
অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড সংবলিত দুটি দামি স্মার্টফোন জব্দ করা হয়, যা অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের দাবি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
