শার্শায় র্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় র্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩
যশোরের শার্শায় র্যাবের পৃথক দুটি অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিলের বিকল্প নিষিদ্ধ মাদকদ্রব্য উইনসিরেক্স ও এসকাফ সিরাপসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে শার্শা উপজেলার টেংরালী বাউন্ডারিপাড়া ও গোবিনাথপুর বটতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সকাল ৬টা ১০ মিনিটে টেংরালী বাউন্ডারিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৭৪৪ বোতল স্কাফ সিরাপসহ আবু বক্কর (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি টেংরালীপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।
পরে সকাল ৮টা ১০ মিনিটে গোবিনাথপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬৯ বোতল উইনসিরেক্স ও ৩০ বোতল স্কাফসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, বটতলা গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ বশির (২২) এবং সানাউল্লাহর ছেলে মিনহাজ।
র্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তপথে অবৈধভাবে ভারতীয় এসব মাদকদ্রব্য দেশে এনে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিলেন।
