শার্শায় জুয়ার আসর থেকে সামাউল ও সেলিম নামে দুই জুয়ারি গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় জুয়ার আসর থেকে সামাউল ও সেলিম নামে দুই জুয়ারি গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়িতে এ অভিযান চালায়।
আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) ও ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি তাসের সেট, নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ যশোর আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
