বিচার বিভাগ স্বাধীন, তবে আস্থা ফেরাতে সংস্কার জরুরি: যশোরে আইনমন্ত্রী আসাদুজ্জামান
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

বিচার বিভাগ স্বাধীন, তবে আস্থা ফেরাতে সংস্কার জরুরি: যশোরে আইনমন্ত্রী আসাদুজ্জামান
বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও এর ওপর জনগণের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে বিচার বিভাগের একটি অংশ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাওয়ায় আস্থার ঘাটতি তৈরি হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর। এর আগে মন্ত্রী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।
আইনমন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত আইনগুলোর মধ্যে রয়েছে পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন এবং ‘জুলাই সনদ’ সংক্রান্ত আইন।
তিনি বলেন, এসব আইন সংসদে উপস্থাপনের আগে যথাযথ যাচাই-বাছাই করা হবে।
তিনি আরও বলেন, সরকার কোনো ধরনের পক্ষপাতদুষ্ট বা অনৈতিক বিচার ব্যবস্থা সমর্থন করে না। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বুদ্ধিবৃত্তিক দুর্নীতি রোধে কাজ চলছে বলেও জানান তিনি।
মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন এবং ‘জুলাই সনদ’-এর কিছু ধারা নিয়ে বিতর্ক রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিভাজনের রাজনীতি থেকে সরে এসে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে। ১৯৭১ কিংবা সাম্প্রতিক ইস্যুতে বিভক্তির বদলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করে তিনি বলেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলার ঘটনা আগের তুলনায় কমেছে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
যশোরের বিচার ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী যশোর আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিচার বিভাগের বাজেট বাড়িয়ে আইনজীবীদের কল্যাণ নিশ্চিত করার কথাও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিচার বিভাগের স্বাধীনতা জোরদার এবং আইনজীবীদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
