কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দ, বিনষ্ট
প্রতিনিধি
সোহাগ :

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসায়নিক দিয়ে পাকানো বিপুল পরিমাণ আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাসায়নিক দিয়ে পাকানো বিপুল পরিমাণ আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে মালিকবিহীন একটি পিকআপভ্যান থেকে ৩৩৬০ কেজি গোবিন্দভোগ জাতের আম উদ্ধার করা হয়। এসব আম ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত আমগুলো অপরিপক্ব অবস্থায় রাসায়নিক প্রয়োগে পাকানো হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পরে শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের চাকার নিচে পিষ্ট করে আমগুলো ধ্বংস করা হয়।
এ ঘটনায় পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভেজাল ও রাসায়নিক মিশ্রিত ফলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
